চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালকসহ আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার কেরানীহাটের উত্তর পাশে কেঁওচিয়া ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অল কেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর আয়েশা বেগম (৬২) সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরখাগরিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্বজনদের সঙ্গে উপজেলার ঢেমশা ইউনিয়নের আলমগীর পাড়ায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নূর আয়েশা বেগমের মৃত্যু হয়। আহত হন অটোরিকশাচালকসহ আরও তিনজন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দোহাজারী হাইওয়ে থানার পরিদর্শক রুহুল আমিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআর/এসএএস
