রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজ ও আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে অন্তত বিশ জন।
মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহতরা হলেন – ধ্রুব (২২), প্রভা (২৩), তাওহীদ (২৫), তৌহিদুল ইসলাম (২৫), মো. নাসির (২১)।
আলিয়া মাদ্রাসায় আহতরা হলেন- মারুফ (২৭), সানাউল্লাহ (২৫), ওবায়দুর (২৭), রাব্বি (২৭), মাদ্রাসার ছাত্রদলের সাধারন সম্পাদক রুবেল হোসেন মোমিন (৩০),কালু( ৪৫), আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক (৫২), ইউসুফ মোল্লা (১৯), সাজিদ (২৮), আসিফ (৪৩), নাজমুল (২৬), আবু সালেক (৩০)।

মাল্টিমিডিয়া রিপোর্টার নাজমুল বলেন, ঢাকা আলিয়া মাদ্রাসায় সংবাদ সংগ্রহে গেলে ইট এবং কাচের টুকরো পড়ে আমি আহত হই। পরে আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
রাজধানীর শিক্ষা বোর্ডের সামনে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নেছারুদ্দীন রাব্বির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সানাউল্লাহ নামে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত নেছারুদ্দীন রাব্বি বলেন, আমরা ২–৩ জন বন্ধু শিক্ষা বোর্ডের সামনে আড্ডা দিচ্ছিলাম। এসময় কয়েকজন এসে ‘নারায়ে তাকবীর’ ধ্বনি দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হই, পরে বন্ধুরা আমাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ধারণা করছি ওরা সবাই শিবিরের কর্মী।
এর আগে ঢাকা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মোট তিনজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।
ঢাকা কলেজের ইসলামী স্টাডিজের শিক্ষার্থী এবং শিবিরকর্মী তাওহিদুল ইসলাম জানান, ছাত্রদলের কর্মীরা আমার ওপরে অতর্কিত হামলা করে। পরে আমার বন্ধুরা আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এছাড়া প্রভা, ধ্রুব নামে দুই শিক্ষার্থী ঢাকা মেডিকেলে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
সন্ধ্যায় আহতদের দেখতে ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর পৃথক স্থান থেকে আহত হয়ে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসে। আহতদের মধ্যে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, সাংবাদিক, ছাত্রদলের নেতা ও শিবিরের কর্মীসহ অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যায়। হাসপাতালে অধ্যক্ষ সাংবাদিকসহ বেশ কয়েকজন এখনো চিকিৎসা নিচ্ছেন।
এসএএ/বিআরইউ
