জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় পরিবর্তন নিশ্চিত করতে দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য রোকেয়া বেগম।
তিনি বলেন, আমি শহীদ জাবের ইব্রাহিমের মা। প্রায় ১ হাজার ৪০০ শহীদের স্মরণে আজ এখানে এসেছি। জুলাই আমাদের জীবনকে বদলে দিয়েছে। আমরা আর স্বাভাবিক জীবনযাপন করতে পারি না। রাজপথে নেমেছিলাম একটি পরিবর্তনের জন্য, কিন্তু সেই পরিবর্তন এখনো অধরাই রয়ে গেছে। আমরা মনে করি, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চে জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোকেয়া বেগম বলেন, আমাদের সন্তানরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে। আমি সবার কাছে জুলাইয়ের শহীদ ও বীরদের জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।
উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সন্তানদের নিয়ে এখানে এসেছেন বীরদের স্মরণ করতে। আমি আশা করব, আপনারা ইসলামের শহীদ, ১৯৭১ সালের শহীদ, পিলখানার শহীদ, শাপলা চত্বরের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদেরও স্মরণ করবেন। তাদের সম্পর্কে জানবেন এবং তাদের জন্য দোয়া করবেন। বীরদের আত্মত্যাগের কারণেই আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি।
জুলাই গণ–অভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির যুগ্ম আহ্বায়ক ড. মোস্তফা ফয়সাল পারভেজ। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব কামরুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. ফখরুদ্দিন মানিক, অধ্যক্ষ আশরাফুল হক, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুন মাখমিন, শহীদ জাবের ইব্রাহিমের বাবা কবির হোসেন, শহীদ আব্দুন নূরের বাবা মাওলানা বাশার, শহীদ আসাদুল্লাহর স্ত্রী ফারজানা আক্তার, শহীদ জাহিদুজ্জামান তানভিনের মা বিলকিস জামান, শহীদ নাইমা সুলতানার মা আইনুন নাহার, শহীদ রিদয়ান শরীফ রিয়াদ জয়ের মা রুপালি আক্তার, আইনজীবী ইব্রাহিম খলিল, উত্তরা ইউনাইটেড ক্লাবের চেয়ারম্যান মাজহারুল ইসলাম, মাহফুজুর রহমান, তারিক হাসান, তাহমিদ হুজাইফা, তালহা জোবায়ের সজিব, ইমরান হোসাইন ইমু, আহমেদ সামরান ও আতিক হাসান রুবেলসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএল/জেআই
