রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা চন্দ্রিমা মডেল টাউনের একটি বাসার ছাদ থেকে পড়ে মো. সুরুজ শেখ (৪০) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে ঘটা ওই দুর্ঘটনায় তিনি আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুরুজের ভাতিজা মো. বাবু জানান, আমার চাচা পেশায় একজন নিরাপত্তাকর্মী। সকালে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের একটি বাসার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত হঠাৎ নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
তিনি আরও জানান, আমাদের গ্রামে বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার বাজুয়াবটেক গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/জেডএস
