বিজ্ঞাপন

ইউজিসি-শিক্ষা বোর্ডের কাছে অডিট আপত্তির তথ্য চাইল শিক্ষা মন্ত্রণালয়

ইউজিসি-শিক্ষা বোর্ডের কাছে অডিট আপত্তির তথ্য চাইল শিক্ষা মন্ত্রণালয়

একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটিতে (পিএসি) আলোচিত হলেও এখনো নিষ্পত্তি না হওয়া অডিট আপত্তিগুলোর সর্বশেষ অগ্রগতির তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্ধারিত ছক অনুযায়ী এসব তথ্য ৬ আগস্টের মধ্যে জরুরি ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিধিবদ্ধ নিরীক্ষা শাখা এ-সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করে।

নির্দেশনাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান এবং দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম, ২১তম, ৩৭তম, ৪৮তম, ৬২তম, ৭৫তম, ৯০তম, ৯১তম, ৯৩তম, ৯৮তম ও ১১৮তম বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের অডিট প্রতিবেদন পর্যালোচনা করা হয়। ইতোমধ্যে নিষ্পত্তি হওয়া আপত্তিগুলো বাদ দিয়ে যেগুলো এখনো অনিষ্পন্ন রয়েছে, সেসব বিষয়ে সংসদীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সংগ্রহ করা হচ্ছে।

সংগৃহীত তথ্য শিক্ষা অডিট অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়ে পাঠানো হবে। পরে তা ফলোআপ প্রতিবেদন হিসেবে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

এর আগে গত ২৬ জুলাই শিক্ষা অডিট অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুল আলম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো এক আধা-সরকারি (ডিও) চিঠিতে উল্লেখ করেন, নির্ধারিত সময়ের মধ্যে অনিষ্পন্ন অডিট আপত্তির তথ্য না পাওয়ায় পরবর্তী কার্যক্রম ব্যাহত হচ্ছে। একইসঙ্গে সংসদীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নির্ধারিত সময়ের মধ্যে সিএজি কার্যালয়ে পাঠানোর বাধ্যবাধকতার কথাও চিঠিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয়ের নির্দেশনার পর একই দিনে মাউশিও অধীনস্থ সরকারি কলেজ ও সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে পৃথক নির্দেশনা পাঠিয়েছে। মাউশির সহকারী পরিচালক-২ কামরুন্নাহার রীমা স্বাক্ষরিত ওই চিঠিতে অডিট আপত্তি-সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রমাণকসহ চার সেট হার্ডকপি এবং ইউনিকোড ‘নিকস’ ফন্টে প্রস্তুত সফটকপি আকারে এক কার্যদিবসের মধ্যে বিশেষ বাহকের মাধ্যমে শিক্ষা ভবনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরএইচটি/এএমকে