বিজ্ঞাপন

রাগ করে লঞ্চে ঢাকার পথে এক শিশু, ৯৯৯-এর সহায়তায় উদ্ধার

রাগ করে লঞ্চে ঢাকার পথে এক শিশু, ৯৯৯-এর সহায়তায় উদ্ধার

চাঁদপুরে পরিবারের অমতে মাদ্রাসায় ভর্তি করানোয় অভিমান করে কাউকে কিছু না বলে লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা দেয় ১৩ বছর বয়সী এক শিশুকন্যা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে নৌ পুলিশের তৎপরতায় সদরঘাট থেকে তাকে উদ্ধার করা হয়।

আজ (বৃহস্পতিবার) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁদপুর সদর থানা এলাকার একটি মাদ্রাসার শিক্ষক কবিরুল হক ৯৯৯ নম্বরে ফোন করে জানান, মাইমুনা (১৩) নামে এক ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি করানো হলে সে অভিমান করে কাউকে কিছু না বলে চলে যায়। পরে জানতে পারেন, শিশুটি চাঁদপুর থেকে ঢাকার সদরঘাটগামী ‘ইমাম হাসান’ লঞ্চে উঠেছে।

খবর পেয়ে ৯৯৯ থেকে দ্রুত ব্যবস্থা নিতে চাঁদপুর সদর নৌ পুলিশ এবং ঢাকা সদরঘাট নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়। একই সঙ্গে পুরো উদ্ধার কার্যক্রমে সমন্বয় করা হয়।

আনোয়ার সাত্তার জানান, সংবাদ পেয়ে ঢাকা সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি দল লঞ্চটি সদরঘাটে পৌঁছানোর পর শিশুকন্যাটিকে উদ্ধার করে। পরে তার পরিবারের সদস্যরা ঢাকায় পৌঁছালে তাদের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, ৯৯৯-এর কলটি গ্রহণ করেন কলটেকার এএসআই হুমায়ুন। আর উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট নৌ পুলিশের সঙ্গে সমন্বয় ও তদারকির দায়িত্বে ছিলেন ৯৯৯-এর পুলিশ ডিসপ্যাচার এসআই আওলাদ হোসেন।

এমএসি/এনএফ