চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় পোড়া তেল ব্যবহার করে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে তিনটি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম বিভাগের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হোটেল পতেঙ্গাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে পোড়া তেল ব্যবহার করে খাদ্য প্রস্তুত, বাসি গ্রিল কাঁচা মাছ ও মাংসের সঙ্গে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
এছাড়া অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে চাটগাঁও রান্নাঘরকে ১০ হাজার টাকা এবং ফ্রিজে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর উপায়ে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে ডিডি মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের নিয়মিত বাজার তদারকি ও অভিযান চলমান রয়েছে। যেসব প্রতিষ্ঠান অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার কিংবা বাসি খাবার সংরক্ষণ করে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরএমএন/আরএফ
