বিজ্ঞাপন

হাসপাতাল-স্কুলে পার্কিং ও নকশা লঙ্ঘন, এক মাসের আল্টিমেটাম চউকের

হাসপাতাল-স্কুলে পার্কিং ও নকশা লঙ্ঘন, এক মাসের আল্টিমেটাম চউকের

চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে বেসরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের পার্কিং ব্যবস্থা, ড্রপিং বে, অনুমোদিত নকশা ও ভবনের ব্যবহার যাচাই করতে পাঁচটি প্রতিষ্ঠানে পরিদর্শন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।

পরিদর্শনে অধিকাংশ প্রতিষ্ঠানে পার্কিং সংকট, অনুমোদিত নকশা লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মের চিত্র উঠে এসেছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত এ পরিদর্শনে পার্কভিউ হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, ডেল্টা হাসপাতাল, ডক্টরস হাসপাতাল, চট্টগ্রাম গ্রামার স্কুলের চট্টেশ্বরী ক্যাম্পাস ও চট্টগ্রাম আইডিয়াল হাই স্কুল পরিদর্শন করা হয়।

পরিদর্শনে পার্কভিউ হাসপাতালে দেখা যায়, অনুমোদিত নকশা অনুযায়ী ড্রপিং বে ২০ ফুট হওয়ার কথা থাকলেও বাস্তবে তা প্রায় ১৫ ফুট। এতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। হাসপাতালের পার্কিং এলাকায় রোগীদের গাড়ির পরিবর্তে সিলিন্ডার ও বিভিন্ন মালামাল সংরক্ষণ করতে দেখা যায়। এ সময় এসব সামগ্রী অপসারণের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পার্কিংয়ে প্রবেশ সহজ করতে পার্কিং চিহ্ন, দিকনির্দেশনা ও টোকেন ব্যবস্থা চালুর পরামর্শ দেওয়া হয়।

ইবনে সিনা হাসপাতালে চউকের পক্ষ থেকে অনুমোদিত নকশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে বলা হলেও পরিদর্শনের সময় কেউ নকশা দেখাতে পারেননি। সেখানে গিয়ে দেখা যায়, চউকের আবাসিক প্লটে নির্মিত ভবনে হাসপাতাল পরিচালিত হলেও প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়া পার্কিং ব্যবস্থাপনায় কোনো নির্দেশনা বা চিহ্ন নেই এবং মাত্র দুই থেকে তিনটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। পার্কিং এলাকাতেও সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রী রাখা ছিল।

ডেল্টা হাসপাতালের ক্ষেত্রে দেখা যায়, ভবনটির অনুমোদন আবাসিক ভবন হিসেবে। অনুমোদিত নকশায় ২০টি পার্কিং স্থানের উল্লেখ থাকলেও বাস্তবে মাত্র তিন থেকে চারটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। এছাড়া সেখানে কোনো ড্রপিং বে পাওয়া যায়নি।

ডক্টরস হাসপাতালে কোনো পার্কিং সুবিধা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগে থেকে অবহিত না করায় তারা অনুমোদিত নকশা উপস্থাপন করতে পারেনি। এছাড়া ভবনে ড্রপিং বে ও প্রয়োজনীয় সেটব্যাকও পাওয়া যায়নি।

অন্যদিকে চট্টগ্রাম আইডিয়াল হাইস্কুল বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছে। পরিদর্শনে পার্কিং এলাকায় স্কুলের নিজস্ব মাইক্রোবাস রাখা দেখা যায়। এ সময় ট্রাফিক ব্যবস্থাপনায় আরও গুরুত্ব দেওয়া এবং ব্যক্তিগত গাড়ির পরিবর্তে স্কুলবাসের সংখ্যা বাড়ানোর পরামর্শ দেয় চউক।

পরিদর্শন শেষে চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, সব প্রতিষ্ঠানকে এক মাস সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে পার্কিং ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে যানজট সহনীয় পর্যায়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে স্কুলবাস চালু করতে হবে। পাশাপাশি সম্ভব হলে স্থায়ী ও উপযুক্ত ক্যাম্পাসে স্থানান্তরের উদ্যোগ নিতে হবে।

আরএমএন/বিআরইউ