বিজ্ঞাপন

সাইবার অপরাধ দমনে তথ্য আদান-প্রদান করবে বাংলাদেশ ব্যাংক ও র‍্যাব

সাইবার অপরাধ দমনে তথ্য আদান-প্রদান করবে বাংলাদেশ ব্যাংক ও র‍্যাব

মানি লন্ডারিং, সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং মোবাইল আর্থিক সেবাকে (এমএফএস) কেন্দ্র করে সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

এ লক্ষ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পঞ্চম তলায় কাজেমী সেন্টারে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর যৌথ উদ্যোগে আয়োজিত এক টাউন হল সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খন্দকার সিরাজুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পরিচালক (অব.) মেজর আবদুল্লাহ নূর ফারুক, বিএফআইইউ এবং র‍্যাব-৩-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার(ইন্ট এন্ড মিডিয়া অফিসার) মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, সভায় ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক ও ভৌত নিরাপত্তা জোরদার, সাইবার অপরাধ, মানি লন্ডারিং, হ্যাকিং এবং অনলাইন জুয়া প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যাংকিং চ্যানেলের অপব্যবহার করে যাতে কেউ মানি লন্ডারিং করতে না পারে, সে জন্য নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় গ্রাহকের ব্যাংক হিসাব আরও নিরাপদ করতে ইলেকট্রনিক ‘নো ইয়োর কাস্টমার’ (ই-কেওয়াইসি) ব্যবস্থা বাধ্যতামূলক করার বিষয়েও আলোচনা হয়। এতে ভুয়া বা বেনামি হিসাব শনাক্ত ও বন্ধ করা সহজ হবে বলে সভায় মত দেওয়া হয়।

আলোচনায় আরও সিদ্ধান্ত হয়, সাইবার অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে র‍্যাব-৩, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর মধ্যে তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহযোগিতা অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা মনে করেন, এই সমন্বিত উদ্যোগ অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কার্যকর ভূমিকা রাখবে।

জেইউ/বিআরইউ