বিজ্ঞাপন

রমনায় ৮ তলা ভবন থেকে পড়ে সিটি করপোরেশনের হিসাব রক্ষকের মৃত্যু

রমনায় ৮ তলা ভবন থেকে পড়ে সিটি করপোরেশনের হিসাব রক্ষকের মৃত্যু

রাজধানীর রমনায় পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে আট তলা ভবন থেকে নিচে পড়ে নজরুল ইসলাম (৫৬) নামের ওয়ারেন্টভুক্ত এক আসামির মৃত্যু হয়েছে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে সিদ্ধেশ্বরী এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা এড়ানোর চেষ্টাকালে এ ঘটনা ঘটে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম রমনা থানার সিদ্ধেশ্বরী রোডের ‘র‍্যাংগস গার্ডেন প্যালেস’ নামের ভবনে পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম মো. কছির উদ্দিন। বুধবার দিবাগত রাত ১টার দিকে ওই ভবনের আট তলায় নিজের ফ্ল্যাটে (৬৩ বি, ফ্ল্যাট-বি ৮) দুর্ঘটনার শিকার হন তিনি।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মিয়া। তিনি জানান, গাজীপুর জেলা দায়রা জজ কোর্ট থেকে নজরুল ইসলামের নামে থানায় একটি ওয়ারেন্টের কাগজ আসে। সেই ওয়ারেন্ট তামিল করতে রমনা থানা-পুলিশ গত রাতে তার বাসায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল ইসলাম আট তলার বাসার শোবার ঘরের জানালার ছোট পকেট গেট দিয়ে পালানোর চেষ্টা করেন।

ওসি আরও জানান, পুলিশের পক্ষ থেকে অনেক নিষেধ করা সত্ত্বেও তিনি পালাতে গিয়ে নিচে পড়ে যান। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঢামেক হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএএ/বিআরইউ