কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৫৫ হাজার পিস ইয়াবা, একটি সিএনজি, একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে টেকনাফ থানার নাইট্যংপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোন ও ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজিসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে জব্দ করা আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টেকনাফ থানার কেরুনতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় সন্দেহজনক একটি ব্যাটারিচালিত ভ্যানে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত ভ্যানসহ আরও এক মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, এ ঘটনায় জব্দ করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের ভয়াবহ মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
এমএসি/আরএফ
