রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকা থেকে এসির তারসহ দুই শিশুকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) ভোর ৪টার দিকে আফতাবনগরের জহিরুল ইসলাম সিটির বি-ব্লকে ইম্পেরিয়াল কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, ভোরে জহিরুল ইসলাম সিটির নিরাপত্তাকর্মীরা দুই শিশুকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। পরে বিষয়টি বাড্ডা থানার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে এসির কাটা তার উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে দুই শিশু জানায়, সোসাইটির বিভিন্ন ফ্ল্যাট থেকে এসির তার চুরি করে বিক্রির উদ্দেশ্যে তারা নিজেদের কাছে রেখেছিল।
এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এমএসি/এমএসএ
