বিজ্ঞাপন

পারকি সৈকতে বালু উত্তোলন ঠেকাল স্থানীরা, সরঞ্জাম জব্দ করল পুলিশ

পারকি সৈকতে বালু উত্তোলন ঠেকাল স্থানীরা, সরঞ্জাম জব্দ করল পুলিশ

চট্টগ্রামের আনোয়ারা উপকূলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পারকি সমুদ্র সৈকতে প্রকাশ্যে বালু উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে বালু উত্তোলনে নিয়োজিত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে সৈকতের লুসাই পার্কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে লুসাই পার্ক কর্তৃপক্ষের লোকজন রাতের আঁধারে এবং সুযোগ বুঝে দিনের বেলাতেও সৈকত থেকে বালু উত্তোলন করে আসছেন। শুক্রবার দুপুরেও শ্রমিকেরা বালু উত্তোলনের সরঞ্জাম নিয়ে সৈকতে নামেন। 

স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ ভরাটের কাজের কথা বলে সৈকত থেকে বালু তোলা হচ্ছিল। তবে এ কাজে কোনো ধরনের অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিষয়টি জানাজানি হলে সৈকতের পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে আশপাশের গ্রাম থেকে লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং বালু উত্তোলনে বাধা দেন। স্থানীয়দের প্রতিরোধের মুখে শ্রমিকেরা তড়িঘড়ি করে সরঞ্জাম ফেলে পালিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েক দিন ধরেই সৈকত থেকে বালু তুলে বাঁধ নির্মাণের কাজ চলছে। তাঁদের দাবি, কয়েক মাস ধরে পারকি সৈকতের দক্ষিণ পাশের পরুয়াপাড়া এলাকায় সিপিটিএল প্রকল্পের নামে জমি ভরাটেও সৈকতের বালু ব্যবহার করা হচ্ছে। ভারী যন্ত্রপাতি দিয়ে সৈকতের চর থেকে বালু তুলে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে জানতে লুসাই পার্কের স্বত্বাধিকারী আনিসুর রহমানের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, পারকি সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সৈকতের চর থেকে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমএসএ