প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট ফটিকছড়ি সফর করবেন। সফরকে সামনে রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী ও ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শুক্রবার (৭ আগস্ট) জুমার নামাজের পর ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রীর সফরসহ সার্বিক পরিস্থিতি ও সফরসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা একান্তে আলোচনা করেন।
পরে বিকেলে দুই সংসদ সদস্য ফটিকছড়ি উপজেলার ফেলা গাজী দিঘি এলাকার সিএমবি মাঠে প্রধানমন্ত্রীর অবতরণের জন্য নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শন করেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর বলেন, প্রধানমন্ত্রী ফটিকছড়ি আসছেন। আমরা সমৃদ্ধশালী ফটিকছড়ি গড়তে প্রধানমন্ত্রীর কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা আদায় করতে চাই। আমাদের এখানে এখনো একটি সরকারি মহিলা কলেজ নেই। এলাকায় গ্যাসের সংযোগ থাকলেও অনেক মানুষ এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত। এসব বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সড়কের দুই পাশে মানবপ্রাচীর গড়ে তোলা হবে। এমনভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে তিনি ফটিকছড়ির মানুষের আন্তরিকতা ও আতিথেয়তায় মুগ্ধ হন।
/এমএসএ
