রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যায় জড়িত অভিযোগে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা খাজা হাবিবুল্লাহ হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ (শুক্রবার) বিষয়টি নিশ্চিত করে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, এজাহারভুক্ত আসামি না হলেও ওই ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।
এর আগে গত ৮ জুন রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে সালিশ বৈঠকের মধ্যে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় পরদিন একটি মামলা করেন নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন। তাতে যুবদলের ২১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এর আগে এই মামলার এজাহারভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যায় প্রধান অভিযুক্ত রমনা থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়নি। তিনি আগাম জামিনে আছেন।
রমনা থানা পুলিশ ঘটনার পর জানিয়েছিল, আনারকলি মার্কেটের সামনের ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে প্রকৃতপক্ষে কী কারণে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয় তা জানার চেষ্টা করছে পুলিশ।
এমএসি/এমএন
