বিজ্ঞাপন

ধর্মীয় বিভাজন নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে হবে : ডিএসসিসি প্রশাসক

ধর্মীয় বিভাজন নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে হবে : ডিএসসিসি প্রশাসক

দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত না করে সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুস সালাম।

শুক্রবার (৭ আগস্ট) রাতে রাজধানীর টিকাটুলীর ভোলানন্দগিরি আশ্রমে লোকনাথ ফাউন্ডেশনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সামাজিক, সাংস্কৃতিক ও দাতব্য প্রতিষ্ঠানগুলোর জাগরণ জরুরি। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ সমাজকে দেশ, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও মানবতার সঙ্গে যুক্ত করতে হবে। বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি থেকে মানুষ অনেকটা বিচ্যুত হয়ে গেছে। এর প্রভাব বিশেষ করে তরুণ সমাজের ওপর পড়ছে। তরুণদের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করা গেলে তাদের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি ভালোবাসা বাড়বে।

তিনি বলেন, এখন অনেকের চিন্তা শুধু ‘আমি কী পেলাম, কী পাব, কী পাচ্ছি না’ এমন ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। এর পরিবর্তে দেশের জন্য, ধর্মের জন্য ও মানবতার জন্য নিজেকে উৎসর্গ করার মানসিকতা তৈরি করতে হবে। তরুণদের মধ্যে এই চেতনা জাগাতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার।

মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, ভাষার জন্য রক্ত দেওয়া এবং সশস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের ইতিহাস বাংলাদেশের রয়েছে। মুক্তিযুদ্ধের সময় ধর্ম-বর্ণের বিভাজন ছিল না। হিন্দু-মুসলমান-বৌদ্ধ সবাই দেশ স্বাধীন করার জন্য একসঙ্গে লড়েছেন।

ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে তিনি বলেন, একসময় একে অপরের ধর্মীয় উৎসবে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। পূজার সময় মেলায় যাওয়া কিংবা মুসলমানদের ধর্মীয় উৎসবে অন্য ধর্মের মানুষের অংশ নেওয়া ছিল স্বাভাবিক বিষয়। এখন রাজনৈতিক ও দলীয় স্বার্থে মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা হচ্ছে।

এএসএস/এমএন

বিজ্ঞাপন