কর্মকর্তাদের নির্ধারিত সময়জুড়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
শুক্রবার (৭ আগস্ট) ডিএসসিসি সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে ডিএসসিসির সচিব মশিউর রহমান খান একটি দপ্তর আদেশ জারি করে এই নির্দেশনা প্রদান করেন।
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডিএসসিসি প্রধান কার্যালয় নগর ভবন (অঞ্চল: ০১ ও ০৪ সহ) পরিদর্শন করেন। পরিদর্শনকালে অধিকাংশ বিভাগ, অঞ্চল ও শাখায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতি লক্ষ্য করেন তিনি। যা বিলম্বে উপস্থিতি, যথাসময়ে জনগণের কাঙ্খিত সেবা প্রদানকে বিঘ্নিত করছে এবং দায়িত্ব অবহেলার সামিল।
এই অবস্থায় সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয়ের নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ নম্বর নির্দেশনা মোতাবেক সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিত ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে। ফলে যথাসময়ে দপ্তরে উপস্থিত থাকা এবং পূর্বানুমতি ছাড়া দপ্তর ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এএসএস/এএমকে
