রাজধানীর গেন্ডারিয়া এলাকায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির (১৮) নামে এক ইলেকট্রিক্যাল মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে গেন্ডারিয়া থানার ৯৫/৫ ডিস্টলারি রোড এলাকার একটি ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত সাব্বির নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার দুর্গাপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।
সহকর্মী আতাউর জানান, বিকেলে ভবনে ইলেকট্রিকের কাজ করার সময় সাব্বির অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৬টা ৫০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছিল।
এসএএ/এসএএস
