রাজধানীর তেজগাঁও থানাধীন মহাখালীর পাগলার পোল এলাকায় ট্রেনের ধাক্কায় মো. ইমরান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে যাওয়া সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মী হাজীরন সোম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে মহাখালীর পাগলার পোল এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. ইমরান গুরুতর আহত হন। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। ওই হাসপাতালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত ইমরান ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামারপুকুর গ্রামের পার্থ মিয়ার ছেলে। বর্তমানে তিনি মহাখালী এলাকায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মৃতদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
এসএএ/আরএফ
