প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। প্রতিযোগিতার বাছাইপর্বে সিরিয়ান লিগের চ্যাম্পিয়ন ক্লাব আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পো এসসির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ পুলিশ।
আগামী ১১ আগস্ট জর্ডানের রাজধানী আম্মানের কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ৩৩ সদস্যের একটি দল শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আম্মানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কর্মকর্তারা দলের খেলোয়াড়দের বিদায় জানান।
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবারই প্রথম এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) চ্যালেঞ্জ লিগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। প্রতিযোগিতাটিকে এশিয়ার ক্লাব ফুটবলের গুরুত্বপূর্ণ আসরগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।
বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পো এসসির বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার সুযোগ পাচ্ছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
জেইউ/বিআরইউ
