বিজ্ঞাপন

ডিএনসিসিতে তথ্য-ভিডিও দিয়ে অভিযোগ জানালে, মিলবে সমাধান

ডিএনসিসিতে তথ্য-ভিডিও দিয়ে অভিযোগ জানালে, মিলবে সমাধান

নাগরিক সমস্যা জানতে এবং তা সমাধানে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এখন থেকে সংস্থাটির কাছে কোনো ব্যক্তি সমস্যা জানিয়ে সেই তথ্য বা ভিডিও ডিএনসিসির ফেসবুক পেজে পাঠালে তারা তাৎক্ষণিক টিম পাঠিয়ে তা চিহ্নিত এবং সমাধান করবে।

রোববার (৯ আগস্ট) ডিএনসিসির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়, আপনাদের দেওয়া ভিডিও ও তথ্যের ভিত্তিতে ডিএনসিসির সংশ্লিষ্ট টিম স্থানগুলো শনাক্ত করবে এবং পর্যায়ক্রমে সেখানে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে। আপনাদের পাঠানো প্রতিটি তথ্য আমাদের নগরকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা তথ্য ও ভিডিও দিন—স্থান শনাক্ত করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব আমাদের।

এ বিষয়ে ডিএনসিসির মুখপাত্র জাকির হোসেন বলেন, ডিএনসিসি মেয়রের নির্দেশে আগামীকাল সোমবার থেকে শুরু হবে এ নতুন কার্যক্রম। নগরবাসীর দেওয়া ভিডিও ও তথ্যের ভিত্তিতে ডিএনসিসির টিম সেসব স্থানে সমস্যা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করবেন। আশা করা যায় এমন উদ্যোগ পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য ঢাকা গড়তে সহযোগিতা করবে।

এর আগে গতকাল শনিবার ডিএনসিসির সকল বিভাগীয় প্রধানদের নিয়ে মিনি বাস করে উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

পরিদর্শনকালে প্রশাসক বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ময়লা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করে এবং জনগণকে সচেতনতার মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা নগরী গড়ার পরামর্শ দেন। 

এ সময় প্রশাসক বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান নিয়ে জনগণকে সচেতন করাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে বলেন। পাশাপাশি যেসব এলাকা খালি রয়েছে সেখানে বৃক্ষ রোপণের মাধ্যমে গ্রিন ঢাকা গড়ার উপর জোর দেন এবং সংশ্লিষ্ট পরিবেশ বিভাগের প্রধানকে নির্দেশনা দেন।

প্রশাসক ডিএনসিসির বিভিন্ন এলাকায় সমস্যা সমাধানে আলাদা আলাদা টিম গঠন করে টিমের মাধ্যমে সমস্যাগুলো দ্রুত সমাধান করতে বলেন। এরপর নাগরিক সমস্যা সমাধানে নাগরিকদের তথ্য-ভিডিও পাঠানোর আহ্বান জানিয়ে তা সমাধানের প্রতিশ্রুতি দেয় ডিএনসিসি।

এএসএস/আরএফ