ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা (প্লে-গ্রাউন্ড) উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রোববার (৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য এ খেলার জায়গা উদ্বোধন করা হয়।
ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, একজন মায়ের সাধারণ একটি অনুরোধ কখনও কখনও তাৎপর্যপূর্ণ পরিবর্তনের সূচনা করতে পারে। গত ২৫ জুন ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনের সময় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে এক নারী ভিসা আবেদনকারী শিশুদের জন্য একটি নিরাপদ খেলার জায়গার অনুরোধ জানান।
ভিসার জন্য আবেদন করার সময় বাবা-মা যেন তাদের শিশুদের সেখানে রাখতে পারেন-এমন একটি জায়গা তৈরির অনুরোধ ছিল তার।
মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ওই অনুরোধ বাস্তবে রূপ নেয়।
রোববার সন্তানকে সঙ্গে নিয়ে নিজের অনুরোধে তৈরি সেই খেলার জায়গাটির উদ্বোধন করতে ফিরে আসেন ওই মা। ভারতীয় হাইকমিশন বলেছে, এটি ছোট একটি উদ্যোগ হলেও এর মাধ্যমে জনকেন্দ্রিক সেবার একটি বৃহত্তর চেতনা প্রতিফলিত হয়েছে।
এমন উদ্যোগ ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তোলে, যার সবচেয়ে শক্তিশালী ভিত্তি দুই দেশের জনগণ।
প্রসঙ্গত, গত ২৫ জুন ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সে সময় এক নারী ভিসা আবেদনকারী শিশুদের জন্য খেলার জায়গা তৈরির অনুরোধ জানিয়েছিলেন।
এনআই/বিআরইউ
