বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট

রমনায় আব্দুর রব ভুট্টো ও জাওয়াদ নির্ঝরের বিরুদ্ধে জিডি

রমনায় আব্দুর রব ভুট্টো ও জাওয়াদ নির্ঝরের বিরুদ্ধে জিডি

রাজধানীর রমনা থানায় শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিথ্যা ও বানোয়াট তথ্য, ছবি ও ভিডিও’ ছড়ানোর অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গত ১ আগস্ট রমনা থানায় জিডিটি করেন নুরুল আফসার। জিডিতে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট ও পেজের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে, এসব মাধ্যম থেকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের তথ্য, ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

জিডিতে উল্লেখ করা অ্যাকাউন্ট ও পেজগুলোর মধ্যে রয়েছে– ‘Abdur Rab Bhuttow’, ‘Corruption in Media’, ‘Jawad Nirjhor’ ও ‘RTews24’। এসব অ্যাকাউন্টের একাধিক ফেসবুক লিংকও জিডির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

নুরুল আফসার জিডিতে নিজেকে ‘ শিক্ষামন্ত্রীর পিও’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেন, গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনকে নিয়ে বিভিন্ন ‘মিথ্যা ও বানোয়াট তথ্য, ছবি ও ভিডিও’ প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে ভবিষ্যতের জন্য বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার আবেদন করেন তিনি। রমনা থানার জিডি সূত্রে জানা যায়, আবেদনটি ১ আগস্ট সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়। জিডি নম্বর ৪৮।

জিডির নথিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। রমনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) জিডির বিষয়ে রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন মিয়া বলেন, সাধারণ ডায়েরির বিষয়টি তদন্তের জন্য ডিএমপির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে পাঠানো হয়েছে।

তিনি বলেন, থানার পক্ষ থেকে একজন তদন্ত কর্মকর্তা (আইও) থাকলেও বিষয়টি সাইবার ইউনিটে তদন্ত করা হবে। তদন্ত শেষে সাইবার ইউনিট থেকে একটি প্রতিবেদন দেওয়া হবে।

এসএএ/বিআরইউ