চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের বর্তমান আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
রোববার (৯ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে সড়কপথে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় (হাটহাজারী মাদ্রাসা) পৌঁছান প্রধানমন্ত্রী।
কবর জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক খলীল আহমেদ কাসেমী।
কবর জিয়ারত শেষে মাদ্রাসার মহাপরিচালক প্রধানমন্ত্রীকে দ্বিতীয় তলায় নিয়ে যান। সেখানে তিনি মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা শাহ আহমদ শফী ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর মারা যান। প্রায় সাড়ে তিন দশক তিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
হাটহাজারী মাদ্রাসায় যাওয়ার আগে প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের বর্তমান আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
আরএমএন/বিআরইউ
