ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্য ও সাধারণ মানুষের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রোববার (৯ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে ভিক্টোরিয়া পার্কের অভ্যন্তরে বৃক্ষরোপণ মেলায় অননুমোদিত বসানো বাণিজ্যিক মেলা সম্পূর্ণভাবে উচ্ছেদ করার জন্য রাত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। বৃক্ষমেলার অনুমতি নিয়ে বাণিজ্যিক মেলা বসানোর কারণে পার্কে আগত দর্শনার্থী ও স্থানীয় সাধারণ জনগণের চলাফেরা, বসা এবং হাঁটার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছিল।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে অননুমোদিত মেলার দোকান না সরিয়ে ফেললে আগামীকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে চূড়ান্তভাবে সতর্ক করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা ও নগরীর উদ্যানগুলোর সার্বিক পরিবেশ সুন্দর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এএসএস/বিআরইউ
