রাজধানীর মহাখালীতে পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ও ১৬টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।
রোববার (৯ আগস্ট) ভোরে বনানী থানার মহাখালী টিবি গেট এলাকার দুটি বাসায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আমান উল্লাহ জুজু (৫২), তাছলিমা আক্তার (২৬) ও চৌধুরী জাহিদ রহমান (২৫)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে বনানী থানার একটি দল মহাখালী টিবি গেট এলাকার সাততলা বস্তির একটি বাসায় অভিযান চালায়। এ সময় আমান উল্লাহ জুজু ও তাছলিমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, একই সময়ে গোপন সংবাদের ভিত্তিতে মহাখালী টিবি গেট এলাকার অপর একটি বাসায় পৃথক অভিযান চালায় বনানী থানা পুলিশের আরেকটি দল। সেখানে চৌধুরী জাহিদ রহমানকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৭টি হাঁসুয়া, ২টি বড় হাঁসুয়া, ৩টি বিভিন্ন সাইজের হাঁসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছেনি ও একটি কাটানিসহ মোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমএসি/বিআরইউ
