বিজ্ঞাপন

রমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

রমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

রাজধানীর রমনা থানার মগবাজার এলাকায় মোটরসাইকেল ও সিএনজিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় জামান আহমেদ (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

এই ঘটনায় রিয়াদ হোসেন (২২) ও রিপন (৪০) নামে দুজন আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে মগবাজার ওয়ারলেস গেট এলাকায় গ্র্যান্ড প্লাজার সামনে এই ঘটনা ঘটে। 

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামান আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনজন হাসপাতালের জরুরি বিভাগে এসেছিলেন। এদের মধ্যে একজন নিহত হয়েছেন, বাকি দুজনের হাসপাতালে চিকিৎসা চলছে।

নিহত জামান ও আহত রিয়াদ হোসেনের বাড়ি নড়াইল জেলার সদর থানার মধুগাতী গ্রামে। নিহত জামান ওই এলাকার ইলিয়াস ফকিরের ছেলে ছিলেন। আহত রিপনের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গলতলী গ্রামে। বর্তমানে তিনি লালবাগ থানার ইসলামবাগ এলাকায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রমনা থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় গ্র্যান্ড প্লাজার সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল ও সিএনজিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল ও সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া বলেন, রমনা থানার গ্র্যান্ড প্লাজার সামনে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেল ও সিএনজিকে চাপা দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়; তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কতজন আহত বা নিহত, সে বিষয়টি জানা যায়নি।

এসএএ/এমএসএ