বিজ্ঞাপন

গোপালগঞ্জের পথে নতুন ট্রেন, প্রথম যাত্রা আজ

গোপালগঞ্জের পথে নতুন ট্রেন, প্রথম যাত্রা আজ

স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ ১০ আগস্ট দুপুর থেকে ১৩৫ ও ১৩৬ নম্বর অভিযাত্রী কমিউটার ট্রেনের চলাচল শুরু হবে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক কবির হোসেন মোল্লা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুরে অভিযাত্রী কমিউটার ট্রেনের প্রথম ট্রিপ ঢাকা রেলওয়ে স্টেশনের ৮ নম্বর প্লাটফর্ম ছেড়ে যাবে। সেই মোতাবেক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রা শুরুর আগে ঢাকা রেলওয়ে স্টেশনে ছোট্ট একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা আছে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে জারি করা এক আদেশে জানা যায়, ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলাচল করবে। প্রতি শনিবার থাকবে ট্রেনটির সাপ্তাহিক বন্ধ। নতুন ট্রেনটি ঢাকা থেকে দুপুর ৩টা ৩০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ পৌঁছাবে। সেখানে ৩০ মিনিট বিরতি দিয়ে ফিরতি যাত্রায় ট্রেনটি গোপালগঞ্জ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে রাত ১০টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ট্রেনটি উভয় পথে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, শিবচর, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশনসহ বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি দেবে।

গোপালগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ধরা হয়েছে ২৯০ কিলোমিটার। ট্রেনের রেক বেইজ, ওয়াটারিং ও ক্লিনিং করা হবে ঢাকায়। ট্রেনে মোট কোচ থাকবে ৮টি। একটি কোচে সর্বনিম্ন ৫২ থেকে সর্বোচ্চ ৯৭ জন যাত্রী বসতে পারবেন। পুরো ট্রেনে মোট আসন থাকবে ৬০৯টি। ট্রেনটিতে থাকবে শোভন ও ‘মেট্রো টাইপ’ শোভন চেয়ার শ্রেণির আসন ব্যবস্থা।

জয়দেবপুর কমিউটারের রেক ব্যবহার করে নতুন ট্রেনটি পরিচালিত হবে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে টিকিট বিক্রি, লোকোমোটিভ ও ক্রু সরবরাহ, রেক রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলা সাহিত্যের অন্যতম প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের স্মৃতি এবং তার বিখ্যাত গীতিনাট্য ‘অভিযান’-এর নামানুসারে ট্রেনটির নামকরণ করা হয়েছে 'অভিযাত্রী'। 

এমএইচএন/আরএফ