বিজ্ঞাপন

চট্টগ্রামে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামে শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আট বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে মো. শাহ আলম (৩৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (১০ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার শিকলবাহা এলাকার একটি পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া শাহ আলম শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টারহাট সেজ্যাগোষ্ঠীর বাড়ির মৃত জাফর আহম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিশুটি বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে শাহ আলম শিশুটিকে ডেকে শিকলবাহা দ্বীপ কালার মোড়ল এলাকার ‘হাজী আজম আলী সেকান্দর’ নামীয় একটি পরিত্যক্ত মাদ্রাসার বারান্দায় নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে দোকান থেকে কিছু কিনে খাওয়ার জন্য ১০ টাকা দেন। এরপর প্রলোভন দেখিয়ে শিশুটির বুকসহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জড়িয়ে ধরে নিপীড়ন চালান।

এ সময় মো. সাদ্দাম (৩৫) নামের এক স্থানীয় বাসিন্দাসহ আশপাশের লোকজন বিষয়টি দেখতে পান। তারা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে অভিযুক্ত শাহ আলমকে হাতেনাতে আটক করেন এবং কর্ণফুলী থানা পুলিশকে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ভুক্তভোগী শিশুর বাবা মো. রুবেল (৩৫) বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

জেআই