চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (১০ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
যারা গ্রেপ্তার হয়েছেন তারা হলেন, ভোলা জেলার লালমোহন থানার চরভুতা এলাকার মো. ভুট্টোর ছেলে মো. নাঈম ইসলাম সাকিব (২৬) এবং নগরের চাঁন্দগাও থানার রোজ গার্ডেন কমিউনিটি সেন্টার এলাকার হামিদ হোসেনের ছেলে মো. রাহাত (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই হৃদয় মাহমুদ লিটন, এএসআই অসিত নাথ ও এএসআই শাহ আলমসহ পুলিশের একটি দল বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসামি সাকিব ও রাহাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ও পেনাল কোডের অধীনে দ্রুত বিচার ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৩টি এবং রাহাতের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা পূর্বেই রুজু রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানা পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমআর/এসএএস
