চট্টগ্রামের বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় বালুর গর্ত থেকে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকালে নতুন ব্রিজের পাবলিক টয়লেটের পেছনে একটি বালু বিক্রির সেলস সেন্টারের গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই শিশু ময়মনসিংহ জেলার ফরিদের ছেলে তানজিদ(৭)। তার পরিবার নগরের নতুন ব্রিজ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে নিয়মিত কাজের অংশ হিসেবে ঘর থেকে বের হন তানজিদের মা। পরে বাসায় ফিরে সন্তানকে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন সোমবার ভোরে স্থানীয়রা বালু বিক্রির একটি পয়েন্টের গভীর গর্তে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
অভিযোগ রয়েছে, বালু বিক্রির ওই পয়েন্টটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সেখানে গভীর গর্ত তৈরি হয়েছে। সময়ের সঙ্গে গর্তটির গভীরতা বাড়তে থাকে। কোনো ধরনের নিরাপত্তাবেষ্টনী না থাকায় এটি শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে। শিশুটি পানিতে পড়ে মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই এবং আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেআই
