বিজ্ঞাপন

সমন্বিত ও আধুনিক ভিসা কাঠামো তৈরি করতে যাচ্ছে সরকার

সমন্বিত ও আধুনিক ভিসা কাঠামো তৈরি করতে যাচ্ছে সরকার

আগের সব ভিসা সংক্রান্ত সার্কুলার বাতিল করে একটি সমন্বিত ও আধুনিক ভিসা কাঠামো তৈরি করতে যাচ্ছে সরকার। বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ করা এবং ভিসা ব্যবস্থাকে নিরাপদ, গতিশীল ও সেবামুখী করতে ‘ভিসা নীতিমালা ২০২৬’ এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১০ আগস্ট) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ (এফডিআই), ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিকতা নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বিদ্যমান ভিসা পদ্ধতিকে যুগোপযোগী, নিরাপদ, গতিশীল ও সহজীকরণের উদ্দেশ্যে ‘ভিসা নীতিমালা ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়, ভিসা নীতিমালা ২০০৬-এ ভিসার ক্যাটাগরি ছিল ৩৩টি। নতুন ‘ভিসা নীতিমালা ২০২৬’-এ ভিসার ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে ৩৪টি।

নতুন নীতিমালার ভিত্তিতে আগের সব ভিসা সংক্রান্ত সার্কুলার বাতিল করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি সমন্বিত ও আধুনিক ভিসা কাঠামো তৈরি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলো সমন্বিতভাবে এ নীতিমালা বাস্তবায়ন করবে।

এসএইচআর/জেডএস

বিজ্ঞাপন