রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছিনতাই করে পালানোর সময় মো. রাজু (২৬) নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা কানের দুল উদ্ধার করে ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
তিনি জানান, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রোরেল অভিমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া করছিলেন। বিষয়টি দেখে দ্রুত ঘটনাস্থলে যান দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. সাহাদত মীর। পরে জনসাধারণের সহযোগিতায় ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজুর কাছ থেকে ছিনতাই করা কানের দুল উদ্ধার করা হয়। পরে তা ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
এমএসি/জেআই
