দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আরও ১১ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) এই সিদ্ধান্ত নিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। আজ থেকেই তাদের চাকরি অবসানের সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
ডিএসইর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি জানতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুঝহাত আনোয়ারকে একাধিকবার ফোন দিলেও তাতে সাড়া মেলেনি।
তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত কর্মকর্তাদের সবার নাম ও পদবি জানা যায়নি। তবে এদের মধ্যে জেনারেল এডমিন বিভাগের বিমল চন্দ্র, হ্যাপি, পপি, মনোয়ারা, আসমা, মুনজের, ফরিদ ও মোসতাক রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিমল চন্দ্র বলেন, কর্তৃপক্ষ আগে আমাদের কিছু জানায়নি। আজ হঠাৎ ডেকে চাকরি অবসানের কথা জানানো হয়। শুনেছি আমিসহ মোট ১১ জন এই তালিকায় আছেন।
এর আগে সম্প্রতি আরও ১৭ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করেছে ডিএসই। ওইসব কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দাবি করেন যে, ডিএসইতে আরও ১৪০ জনকে চাকরিচ্যুত করার তালিকা করা হয়েছে। এমন পরিস্থিতিতে পুরো ডিএসইতে এখন চাকরিচ্যুত হওয়ার আতঙ্ক বিরাজ করছে।
এমএমএইচ/এমএন
