রাজধানীর হাতিরঝিলের একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গুলশান।
ডিবি বলছে, সংঘবদ্ধ ডাকাত দলের এই চক্রটি ওই বাসায় স্বর্ণ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিল। আর এই পরিকল্পনা বাস্তবায়নের আগের দিন দলটির সদস্যরা ওই এলাকায় রেকি করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাকিব (৩২), মো. রাশেদুল হাওলাদার (২৭), মো. জুবায়ের ইসলাম (৪০) ও বিজয় সরকার ওরফে ডেফিড (২৭)।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘হাতিরঝিলে ডাকাতি সংঘটনের চেষ্টাকালে ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার’ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
মো. শফিকুল ইসলাম বলেন, রাজধানীর হাতিরঝিল সংলগ্ন একটি বাসায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি খেলনা পিস্তল, তিনটি চাপাতি, পাঁচটি ককটেল, একটি স্পাইক ড্যাগার এবং চলচ্চিত্র শুটিং ইউনিটের দুইটি পরিচয়পত্র কার্ড উদ্ধার করা হয়।

ডিবি প্রধান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিলের একটি বাসায় ডাকাতির পরিকল্পনার বিষয়টি জানতে পারে ডিবি গুলশান বিভাগ। ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই বাসায় স্বর্ণ ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুটের পরিকল্পনা করছিলেন। ডাকাতির প্রস্তুতির অংশ হিসেবে ঘটনার আগের দিন দলটির সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় রেকি করতে যায়।
তিনি বলেন, বিষয়টি গোয়েন্দা নজরদারিতে আসার পর ডাকাত দলের সদস্যদের অবস্থান ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে ছয় সদস্যের ওই ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাকি দুই আসামি পালিয়ে যান।
এ গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে উল্লিখিত অস্ত্র, গুলি, ম্যাগাজিন, ককটেল ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। ডাকাত দলের অপর দুই সদস্য গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেন ডিবির এই কর্মকর্তা।
সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে উত্তরায় এক কোটি ২১ লাখ টাকা ছিনতাইয়ের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমাদের গোয়েন্দা পুলিশ এটা অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছি। এই বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না আসামিরা সংবাদ দেখলে পরে তাদের খুঁজে পাওয়া যাবে না।
পল্লবী গুলির ঘটনায় কাউকে গ্রেপ্তার করেছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, দুইজনকে গ্রেপ্তার করেছি। এখন আমাদের টিম ঢাকার বাইরে আছে, এ বিষয়ে তারা কাজ করছে। তারা ঢাকায় ফিরে এলে আপনাদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এসএএ/এমএন
