সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি পরিস্থিতি স্থিতিশীল বা নিম্নমুখী রয়েছে। একই সঙ্গে ব্রহ্মপুত্র-যমুনার পানিও কমছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল রয়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে। আগামী একদিন এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন কমতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানিও গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিন এসব নদীর পানি কমতে পারে। তবে সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী পাঁচ দিনও পানি কমার পূর্বাভাস রয়েছে। গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং আগামী পাঁচ দিন বাড়তে পারে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।
চট্টগ্রাম বিভাগের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী একদিন পানি বাড়তে পারে, দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিন কমতে পারে।
এ ছাড়া, হালদা নদীর পানিও বেড়েছে। অন্যদিকে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি স্থিতিশীল রয়েছে। আগামী একদিন এসব নদীর পানি কমতে পারে, দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিন আবার বাড়তে পারে।
এমএইচএন/এসএএস
