বিজ্ঞাপন

কখনো কর্নেল, কখনো পুলিশের এসপি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

কখনো কর্নেল, কখনো পুলিশের এসপি পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ওই প্রতারকের নাম মো. নুরুল চৌধুরী (৪০)।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তার ভুয়া পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, ভোর ৩টা ৪০ মিনিটে উত্তরার ভূঁইয়াবাড়ি বাঁশতলা সড়কের সানডে-সোসাইটি আবাসিক এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবির রমনা বিভাগ।

মো. শফিকুল ইসলাম বলেন, এই প্রতারক নিজেকে কখনো কর্নেল, কখনো পুলিশের এসপি, কখনো পুলিশের ডিসি এবং কখনো র‌্যাবের পরিচালক হিসেবে পরিচয় দিতেন। সে দীর্ঘদিন ধরে শিক্ষিত, অর্ধশিক্ষিত ও শ্রমজীবী মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তাদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নিতো এবং কয়েকজনের হাতে ভুয়া নিয়োগপত্রও তুলে দিয়েছিল। বিষয়টি ডিবির নজরে আসার পর ডিবি রমনা বিভাগ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তারকালে আসামির কাছ থেকে ২টি ওয়াকিটকি, ২ সেট ওয়াকিটকির চার্জার, ১টি ভুয়া পাসপোর্ট, সেনাবাহিনীর মেজর পরিচয়যুক্ত ১টি ভুয়া আইডি কার্ড, র‍্যাবের কর্নেল পদমর্যাদার ডেপুটি ডিরেক্টর পরিচয়যুক্ত ১টি ভুয়া আইডি কার্ড, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সেনাবাহিনীর বিভিন্ন ধরনের ১০টি পোশাক, সেনাবাহিনীর চিকিৎসা বইসহ বিভিন্ন ফর্ম ও প্যাড, সেনাবাহিনীর মেজর ও পুলিশ সুপার পরিচয়যুক্ত পোশাক পরিহিত পাসপোর্ট সাইজের ছবি, সেনাবাহিনীর ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির আবেদন ফরম জব্দ করা হয়।

এক সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তার নুরুল চৌধুরী চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চুক্তিপত্রও করেছে। এমনকি ভুয়া বিজ্ঞাপন দেখিয়ে পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমেও টাকা নিয়েছে। প্রতারণাকে বিশ্বাসযোগ্য করে তুলতে সে সেনাবাহিনীর একটি মেডিকেল কার্ডও তৈরি করেছিল, যেখানে বিভিন্ন ধরনের সিল ও তথ্য রয়েছে। তার সঙ্গে এই প্রতারণার কাছে আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

গ্রেপ্তার নুরুল চৌধুরী তার সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন জানিয়ে ডিবি প্রধান বলেন, তিনি বিভিন্ন সময়ে নিজেকে ‘মেজর আল মামুন, ‘কর্নেল নাজিম’ ও ‘মেজর তানভীর’ পরিচয় দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক, রাঁধুনি, পিয়ন ও বাবুর্চি পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন। চাকরি প্রত্যাশী বেকার যুবক, রিকশাচালক, শ্রমিক, দিনমজুরসহ নিম্নআয়ের মানুষ ছিল এই প্রতারক চক্রের অন্যতম লক্ষ্য।

প্রতারণার মাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য তারা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম, পরিচয়পত্র, সেনাবাহিনীর পোশাক ও বিভিন্ন বাহিনীর পোশাক পরিহিত ছবি ব্যবহার করত। এছাড়া কখনো এসবি-ডিবির সদস্য এবং কখনো ‘পুলিশ সুপার তারিকুর রহমান’ পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করার তথ্যও পেয়েছে ডিবি। গ্রেপ্তার নুরুল চৌধুরীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ব্যবহার করে ব্ল্যাকমেইল, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। 

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ডিএমপির শাহআলী থানায় প্রতারণার মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এসএএ/বিআরইউ