এসএসসি পরীক্ষার ফল দেখতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে চট্টগ্রাম নগরীর এক কিশোর। প্রাচুর্য দাশ মুগ্ধ (১৬) নামের ওই কিশোর গত সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা ৫ মিনিটের দিকে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকার বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মুগ্ধ নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া মুগ্ধ প্রকাশিত ফলাফলে ‘এ’ গ্রেড পেয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
মুগ্ধের মা দোদুল চাঁপা দে দক্ষিণ নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। একমাত্র সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে তার বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।
থানায় করা জিডি সূত্রে জানা গেছে, ১০ আগস্ট সকাল ৮টা ৫ মিনিটের দিকে কোতোয়ালী থানার ৩৩ নম্বর ওয়ার্ডের মহিম দাশ রোড এলাকার বাসা থেকে বের হয় মুগ্ধ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাসায় ফেরেনি।
জিডিতে মুগ্ধের শারীরিক বর্ণনায় বলা হয়েছে, তার উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৬৫ কেজি এবং রক্তের গ্রুপ ‘ও’ পজিটিভ (O+)। নিখোঁজের সময় তার পরনে ছিল সবুজ স্ট্রাইপযুক্ত সাদা রঙের শার্ট।
পরিবারের সদস্যরা জানান, মুগ্ধ বাসায় না ফেরায় প্রথমে আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়।
মুগ্ধের মামা কুমার দেবুল দে বলেন, আমার বোনের মেয়ে গতকাল থেকে খোঁজ পাচ্ছি না। সে এবার এসএসসি ফল প্রার্থী ছিল। আমাদের কাছে তার রেজাল্ট নয়, সে সবচেয়ে দামি ও গুরুত্বপূর্ণ।
এনএফ
