বিজ্ঞাপন

তরুণদের মাদক-ইন্টারনেট আসক্তি ঠেকাতে বহুমুখী উদ্যোগ

তরুণদের মাদক-ইন্টারনেট আসক্তি ঠেকাতে বহুমুখী উদ্যোগ

তরুণদের মাদক ও ইন্টারনেটের আসক্তি থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও কর্মসংস্থানসহ বিভিন্ন ক্ষেত্রে বহুমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাদক ও ইন্টারনেট আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি : সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অ্যান্টি ড্রাগ ফেডারেশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

অধ্যাপক মামুন বলেন, মাদকসেবীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং তাদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তবে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তি ও মাদকের গডফাদারদের সামাজিক ও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে সরকারের কার্যকর ভূমিকা প্রয়োজন।

তিনি বলেন, শুধু সচেতনতা তৈরির মাধ্যমে তরুণদের আসক্তি থেকে দূরে রাখা সম্ভব নয়। তাদের জন্য আনন্দময় ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে হবে। এ লক্ষ্যে শিক্ষাক্রমে ‘এডুকেশন উইথ হ্যাপিনেস’ কর্মসূচি নেওয়া হচ্ছে। পাশাপাশি তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।

শিশু-কিশোরদের মেধা ও প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির কথাও উল্লেখ করে ইউজিসির এই সদস্য বলেন, প্রধানমন্ত্রী গোল্ডকাপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে সহায়ক হবে। এতে তাদের মাদক ও ইন্টারনেটের আসক্তি থেকে দূরে রাখার পরিবেশ তৈরি হবে।

অধ্যাপক মামুন বলেন, যুব সমাজের বেকারত্ব দূর করতে আগামী পাঁচ বছর বা নির্দিষ্ট মেয়াদে এক কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে সরকার কাজ করছে। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, সরকারি ও বেসরকারি খাতের সম্প্রসারণ এবং কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট ব্যক্তি ও তরুণরা অংশ নেন।

এমএইচএন/এসএএস

বিজ্ঞাপন