অপেক্ষমাণ বাংলাদেশি অভিবাসীদের জন্য অগ্রাধিকারভিত্তিতে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা নিতে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সমন্বয় সভায় অংশগ্রহণ করে এ অনুরোধ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।
মঙ্গলবার (১১ আগস্ট) ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, সভায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং লিবিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় লিবিয়া সরকারের সহযোগিতায় বিভিন্ন দেশের অভিবাসীদের প্রত্যাবাসন কার্যক্রমে সংশ্লিষ্ট দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন এবং স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে দূতাবাসের অব্যাহত সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসনে সহায়তা দেওয়ার জন্য লিবিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি অপেক্ষমাণ অভিবাসীদের অগ্রাধিকারভিত্তিতে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
একই সঙ্গে তিনি লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশ ও লিবিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় লিবিয়ার বিভিন্ন খাতে কর্মরত অভিবাসীদের জন্য আকামা প্রাপ্তি সহজীকরণ, কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং তাদের কল্যাণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
এ সময় অভিবাসীদের প্রত্যাবাসন ও কল্যাণ নিশ্চিতকরণে বাংলাদেশ দূতাবাসের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা অনুকরণীয় বলে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
এনআই/এসএএস
