চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের ঝটিকা মিছিল করার প্রস্তুতির সময় কেন্দ্রীয় এক নেতাসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ।
পুলিশ জানায়, গত সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় বড়ুয়াপাড়া গামী রাস্তায় নিষিদ্ধ সংগঠনের কিছু নেতাকর্মী মিছিল করার উদ্দেশ্যে জড়ো হচ্ছেন, এমন গোপন সংবাদ পায় পুলিশ। তাৎক্ষণিকভাবে ডবলমুরিং থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আসাদ রায়হানকে (৩৪) মূল নেতৃত্বদানকারী হিসেবে আটক করা হয়। এ ছাড়া আরও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন– কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আসাদ রায়হান সদরঘাট থানা তাঁতীলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ খায়ের, মো. জুয়েল, মোহাম্মদ তুষার ও মোহাম্মদ কায়সার আহমেদ।
পুলিশ জানায়, অভিযানের সময় উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এমআর/বিআরইউ
