রাজধানীর আজিমপুরে তাহিয়া তাসনিম ওরফে ফিমা (১৯) হত্যা মামলায় আসামি কাজী সাগরসহ দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবারের সদস্য ও স্বজনরা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানান ফিমার স্বজনরা।
ফিমার বাবা মো. তাজুল ইসলাম বলেন, বিয়ের পর থেকেই তার মেয়ে স্বামীর নির্যাতনের শিকার হচ্ছিলেন। বিষয়টি ফিমা তার মাকেও জানিয়েছিলেন। পরিস্থিতি একসময় স্বাভাবিক হয়ে যাবে এমন আশা করেছিলেন পরিবারের লোকেরা। কিন্তু শেষ পর্যন্ত তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, আমি শুধু আমার মেয়ের জন্য এখানে দাঁড়াইনি, অন্য ফিমাদের জন্যও দাঁড়িয়েছি, যাদের হত্যা করা হয়েছে এবং যাদের পরিবার ন্যায়বিচার পায়নি।
তাজুল ইসলাম বলেন, নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। পুলিশকে এসব মামলা গুরুত্বের সঙ্গে নিতে হবে এবং আদালতকে বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে। কাজী সাগর দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তির মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে দেশে নারী হত্যার বিরুদ্ধে কঠোর বার্তা যায়।
মানববন্ধনে ফিমার মা রিনা ইয়াসমিন বলেন, মেয়েকে হারানোর পর বিচার পাওয়ার আশায় আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরছি। মামলার অভিযোগপত্র দিতে পুলিশ গড়িমসি করেছে।
তিনি বলেন, আমার মেয়েকে হত্যার পর আমরা থানার বারান্দায় ঘুরছি। অথচ হত্যাকাণ্ডের আলামত, সিসিটিভি ফুটেজ রয়েছে এবং ময়নাতদন্তেও হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। এরপরও কেন এত দেরি হয়েছে? কারণ মামলাটি প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। দ্রুত বিচার নিশ্চিত করে আসামির শাস্তির দাবি করছি আমি।
মানববন্ধনে ফিমার অন্যান্য স্বজনরা উপস্থিত ছিলেন।
