বিজ্ঞাপন

নির্বাচনী ইশতেহার ও সংস্কার পর্যবেক্ষণ করবে ‘ম্যানিফেস্টো ওয়াচ’

নির্বাচনী ইশতেহার ও সংস্কার পর্যবেক্ষণ করবে ‘ম্যানিফেস্টো ওয়াচ’

রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি এবং সরকারের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সংস্কার উদ্যোগ বাস্তবায়নের গতি নজরদারিতে নতুন অনলাইন প্ল্যাটফর্ম ‘ম্যানিফেস্টো ওয়াচ’ চালু করা হয়েছে।

বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের আওতায় চালু হওয়া ওই ব্যবস্থা নাগরিকরা রাজনৈতিক দলগুলোর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের সঠিক অগ্রগতি সরাসরি নজরদারি করতে পারবে।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’ আয়োজিত এক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সংস্কার ও উন্নয়নের জন্য পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো এবং এসডিজি’ শীর্ষক প্লেনারি সেশনে সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন।

সম্মেলনে বলা হয়, রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে জনগণকে বড় বড় প্রতিশ্রুতি বা ‘নির্বাচনী ইশতেহার’ দেয়। তবে ক্ষমতায় আসার পর বা রাজনৈতিক প্রক্রিয়ায় দলগুলো তাদের ইশতেহারে দেওয়া কথাগুলো কতটুকু রাখছে, তা পর্যবেক্ষণ করার জন্য চালু করা হয়েছে এই ‘ম্যানিফেস্টো ওয়াচ’। বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’ প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিক, সাংবাদিক ও গবেষকরা যে কোনো সময় অনলাইনে ঢুকে দেখতে পারবেন রাজনৈতিক দলগুলো বা সরকার দুর্নীতি রোধ, নির্বাচনী ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য বা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ইশতেহার অনুযায়ী কতটা কাজ করেছে।

প্রবন্ধে বলা হয়, দেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং সামষ্টিক অর্থনীতির অগ্রগতি সত্ত্বেও দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও বিভিন্ন জেলা এখনো চরম বৈষম্যের শিকার। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনার প্রতিশ্রুতি দিয়ে থাকে। তবে এসব অঙ্গীকার কেবল কাগজে-কলমে থেকে যাচ্ছে নাকি বাস্তবে রূপ নিচ্ছে, তা নিরপেক্ষভাবে মূল্যায়নের জন্যই অনলাইন প্ল্যাটফর্মের অধীন ‘ম্যানিফেস্টো ওয়াচ’ কার্যকর ভূমিকা রাখবে।

সম্মেলনে উদাহরণ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনী ইশতেহারে উল্লিখিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অনুকূলে নেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি কীভাবে ট্র্যাকিংয়ের আওতায় আনা হবে। যার একটি রূপরেখা দেওয়া হয়। যার মধ্যে রয়েছে— নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’, কৃষকদের সহায়তায় ‘ফার্মার্স কার্ড’, কৃষিঋণ, শিক্ষা বাজেট, সর্বজনীন স্বাস্থ্যসেবা, যুব ও অনানুষ্ঠানিক খাত, প্রান্তিক ও বিশেষ জনগোষ্ঠীর জন্য ভাতা, প্রতিবন্ধীদের জন্য আলাদা পরিদপ্তর, তৃতীয় লিঙ্গ, বেদে ও দলিত সম্প্রদায়কে অগ্রাধিকার ইত্যাদি।

অনুষ্ঠানে আরও জানানো হয়, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দুর্নীতি, স্বজনপ্রীতি ও রাজনৈতিক পক্ষপাত বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী প্রদেয় সব সুযোগ-সুবিধা প্রকাশ্যে বিলবোর্ডে ঝুলিয়ে প্রদর্শনের বিষয়টিও মনিটরিং করবে এই ট্র্যাকার। 

প্ল্যাটফর্মটিতে দর্শনার্থীরা দুর্নীতি বিরোধী সংস্কার, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, শ্রম অধিকার নিশ্চিতকরণসহ বিভিন্ন রাজনৈতিক ডোমেইন ও সাব-ডোমেইন বেছে নিয়ে বিষয়ভিত্তিক অগ্রগতি বা গতিধারা দেখতে পারবেন। সার্চ অপশনের মাধ্যমে সুনির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে জাতীয় উন্নয়ন বা রাজনৈতিক প্রতিশ্রুতি অর্জনের সঠিক পরিসংখ্যান সংগ্রহ করা সম্ভব হবে।

আরএম/এমএন

বিজ্ঞাপন