দেশের দুই জেলার দুটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী দুটি হলো, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এবং হবিগঞ্জের বাল্লায় খোয়াই নদী।
একইসঙ্গে আগামী তিন দিন ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ‘বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাস’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। খোয়াই নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিন কমতে পারে। অন্যদিকে মনু ও ধলাই নদীর পানি আগামী এক দিন বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। এসব নদীর পানি আগামী এক দিন আরও বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। তবে মাতামুহুরী নদীর পানি কমেছে।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানিও কমেছে এবং আগামী পাঁচ দিন তা অব্যাহত থাকতে পারে।
অপরদিকে গঙ্গা-পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী পাঁচ দিন এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে এসব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
/এমএইচএন/এমএসএ
