বিজ্ঞাপন

লোকালয়ে হাতি এলে শিক্ষার্থীদের করণীয় জানাল বন বিভাগ

লোকালয়ে হাতি এলে শিক্ষার্থীদের করণীয় জানাল বন বিভাগ

বিশ্ব হাতি দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের পটিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে জনসচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালি করেছে বন বিভাগ। সভায় বন থেকে হাতি লোকালয়ে চলে এলে কী করণীয়, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

এতে প্রায় শতাধিক শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

বুৃধবার (১২ আগস্ট) দুপুরে হাইদগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুকান্ত তালুকদার।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক। হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন– বরগুনী বিট কর্মকর্তা রহমত আলী, শ্রীমাই বিট কর্মকর্তা মো. ফয়সাল, হাইদগাঁও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জিন্নাতুর রহমান, শিক্ষা প্রতিনিধি আব্দুল মান্নান, রেসকিউ টিমের সদস্য নাঈমুদ্দিন বিজয়, বন বিভাগের কেয়ারটেকার মো. মহিউদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, হাতি বাংলাদেশের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। বন উজাড়, আবাসস্থল সংকট ও মানুষ-হাতির সংঘাতের কারণে বন্য হাতি নানা ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। হাতির আবাসস্থল রক্ষা এবং মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।

সভায় জানানো হয়, বন থেকে হাতি লোকালয়ে চলে এলে দ্রুত গ্রামের মানুষকে সতর্ক করতে হবে। স্থানীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও বন প্রহরীদের খবর দিতে হবে। সবাইকে দলবদ্ধ থাকতে হবে এবং একাকী হাতির সামনে বা আশপাশে যাওয়া যাবে না। হাতিকে লোকালয় থেকে দূরে রাখতে সম্মিলিতভাবে শব্দ করে ভয় দেখানোর উদ্যোগ নেওয়া যেতে পারে।

এ সময় হাতিকে ভয় দেখাতে লাঠি, বাঁশি, টিন ও ঢোলের মাধ্যমে শব্দ করা, পটকা ফাটানো, টর্চ বা সার্চলাইট জ্বালানো, মশাল বা আলো জ্বালানো এবং সমস্বরে চিৎকার করার বিষয়ে সচেতন করা হয়।

হাতি লোকালয়ে চলে এলে আরও কিছু বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়– হাতির চলাচলের পথে কোনো ধরনের বাধা সৃষ্টি না করা, একাকী হাতির কাছে না যাওয়া, এলোপাতাড়ি দৌড়াদৌড়ি না করা, খাবারের লোভ দেখিয়ে অন্যদিকে সরানোর চেষ্টা না করা এবং মুঠোফোনে ছবি বা ভিডিও ধারণের জন্য হাতির কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। জরুরি অবস্থায় নিজে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও বিপদমুক্ত রাখতে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।

এমআর/বিআরইউ