পুলিশের কনস্টেবল থেকে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত সদস্যদের পদোন্নতি ও পদায়নসংক্রান্ত জটিলতা নিরসনে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিপিএসএ)।
বুধবার (১২ আগস্ট) বিপিএসএ-এর সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে সংগঠনটির উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিপিএসএ-এর সভাপতি ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বিপিএম। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিপিএসএ-এর বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পুলিশের পেশাদারিত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে জনকল্যাণমূলক ও গণমুখী পুলিশিং সেবা নিশ্চিত করা, বাহিনীর অভ্যন্তরীণ সমস্যা চিহ্নিত করে সমাধান করা এবং কর্মরত সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পদোন্নতি ও পদায়নসংক্রান্ত জটিলতা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। কনস্টেবল পদমর্যাদা থেকে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত পুলিশের সব পর্যায়ের সদস্যদের পদোন্নতি ও পদায়নসংক্রান্ত সমস্যা নিরসনে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিয়ে মিথ্যা, মনগড়া, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও অপতথ্য ছড়ানোর বিষয়টিও সভায় গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
সভায় পুলিশের পেশাগত কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার পাশাপাশি বাহিনীর অভ্যন্তরীণ সমস্যা সমাধান এবং সদস্যদের কল্যাণে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় অন্যদের মধ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, সিটি স্পেশাল ব্রাঞ্চের (সিটিএসবি) ডিআইজি মীর আশরাফ আলী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিললুর রহমান, রংপুর মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএমসহ বিভিন্ন ব্যাচের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেইউ/আরইউ
