চট্টগ্রাম বন্দরে এক জাহাজে সর্বোচ্চ রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণের নতুন রেকর্ড হয়েছে।
বুধবার (১২ আগস্ট) জেনারেল কার্গো বার্থের (জিসিবি) ১১ নম্বর জেটি থেকে মার্স্ক লাইনের ‘মারস্ক বিন্টুলু’ জাহাজে ৯৩৩ বক্স রপ্তানি পণ্যবাহী লোড কনটেইনার জাহাজীকরণ করা হয়। এসব কনটেইনারে মোট ১ হাজার ৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্য ছিল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এক জাহাজে রপ্তানি পণ্যবাহী লোড কনটেইনার জাহাজীকরণের ক্ষেত্রে এটিই এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত ১৮ জুন এক জাহাজে সর্বোচ্চ ৭৪২ বক্স বা ১ হাজার ৪৩৯ টিইইউএস রপ্তানি পণ্যবাহী লোড কনটেইনার জাহাজীকরণের রেকর্ড ছিল।
এদিকে ‘মারস্ক বিন্টুলু’ জাহাজে ১৪৪ বক্স খালি কনটেইনারও জাহাজীকরণ করা হয়, যা ১৪৭ টিইইউএসের সমান। ফলে ওই জাহাজে সব মিলিয়ে ১ হাজার ৭৭ বক্স কনটেইনার জাহাজীকরণ করা হয়, যার পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৯৩১ টিইইউএস।
চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, এক জাহাজে রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণের ক্ষেত্রে নতুন এ রেকর্ড বন্দরের সক্ষমতা ও রপ্তানি কার্যক্রমের অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
এমআর/আরএফ
