ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেছেন, হামের টিকাদান কর্মসূচিতে সারা দেশে প্রথমস্থান অর্জন করেছে ডিএনসিসি।
এরই ধারাবাহিকতায় আগামী সপ্তাহ থেকে নগরীতে কলেরা টিকাদান কার্যক্রম শুরু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হামের টিকাদান কর্মসূচিতে এ সফলতা এসেছে।
বুধবার (১২ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগর ভবনের মিলনায়তনে আয়োজিত ইউনিসেফের রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনকালে প্রশাসক একথা বলেন।
প্রশাসক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী তিনি দেশের উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তার কর্মী হিসেবে দেশ গঠনে সহযোগিতা করছি এবং এই সহযোগিতা অব্যাহত রাখবো। হামের টিকার মাধ্যমে শিশুদের যেভাবে রক্ষা করা হয়েছে, তেমনি জরায়ু ক্যান্সারের প্রতিশোধক টিকা প্রদানের মাধ্যমে নারী সমাজকে রক্ষা করা হবে।
ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে তিনি বলেন, নগরবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইপিআইসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্য কার্যক্রমে ডিএনসিসি সবসময় নগরবাসীর পাশে রয়েছে।
শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, শহরের কোথাও বর্জ্য জমা হয়ে থাকলে নগরবাসী তা জানালেই ডিএনসিসির কুইক রেসপন্স টিম ২৪ ঘণ্টার মধ্যে তা অপসারণের ব্যবস্থা নেবে। নাগরিকদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে অনেক এলাকার বর্জ্য পরিষ্কার করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক হাসানুল মাহমুদ, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী, ইউনিসেফ বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তা রিয়াদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এএসএস/বিআরইউ্
