চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০০ অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বুধবার (১২ আগস্ট) বিকেলে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।
অভিযানকালে কাজীর দেউড়ি মোড় এবং চাক্তাই ব্যাংক এশিয়া মোড় থেকে নতুন ব্রিজ গোলচত্বর পর্যন্ত সড়কের উভয় পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৫০০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ ছাড়া নগরীর ৪ নম্বর ওয়ার্ডের পাঠানিয়াগোদা ও হাজেরা তজু ডিগ্রি কলেজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সড়কের ফুটপাত দখলমুক্ত করা হয়। এ সময় শতাধিক অবৈধ টং দোকানও অপসারণ করা হয়।
চসিক সূত্র জানায়, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এমআর/আরএফ
