বিজ্ঞাপন

গেন্ডারিয়ায় মিষ্টির কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

গেন্ডারিয়ায় মিষ্টির কারখানাকে ২ লাখ টাকা জরিমানা

রাজধানীর গেন্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দয়াগঞ্জ ও গেন্ডারিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারি এবং বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডার নামের দুটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারির কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিষ্কার দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কোনো ধরনের লেবেল ছাড়াই দই, মিষ্টি ও রসগোল্লা মজুদ ও বিক্রি করতে দেখা যায়। কারখানায় তেলাপোকার উপস্থিতিও পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দোষ স্বীকার করলে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার টাকা আদায় করা হয়েছে।

বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডারের কারখানার পরিবেশ কিছুটা নোংরা থাকার পাশাপাশি প্রতিষ্ঠানটি ফায়ার লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হয়। তবে অভিযোগের বিষয়ে দায়িত্বরত মালিক ও ব্যবস্থাপকের বক্তব্য সংশোধনের শর্তে সন্তোষজনক হওয়ায় প্রতিষ্ঠানটিকে অব্যাহতি দেওয়া হয়।

এ সময় উপস্থিত মনিটরিং কর্মকর্তাকে ছোটখাটো ব্যত্যয়গুলো সংশোধন করে আদালতে একটি কমপ্লায়েন্স প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মো. আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, সংস্থাটির অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

এমএইচএন/ এনটি

বিজ্ঞাপন